সুন্দরবনের বাঘ-বিধবা

 


       সুন্দরবনের বাঘ-বিধবা  

ফাল্গুনী দে  

       

প্রান্তিক ভারতবর্ষের গঞ্জ গ্রামগুলি আবেগের আঁতুড় ঘর। খিদে এখানে বড় বালাই। হাসি-কান্না এদের কপালে হীরে পান্নার মত ঝুলে থাকলেও কাতর পেটের খিদে বেঁধে রাখতে হয় গামছা দিয়ে। পেট সর্বস্ব এই জীবনে দিন গেল কি রাত রইল সেকথা খেয়াল থাকে না। 'জল জঙ্গল জমিন জানোয়ার এবং জান'-এর গল্প গ্রামীণ জীবন জীবিকায় দেবতার মাহাত্ম্য নিয়ে বেঁচে আছে। অথচ রুক্ষ মাটিতে বৃষ্টি নেই তাই চাষবাস নেই, পাহাড়ের মাটি অপরিণত ভঙ্গুর তাই সুফলা নয়, উপকূলের মাটি নোনা; ভৌমজলের সঙ্গে সমুদ্র মিশে গেলে তেষ্টা মেটে না। নানান দেশ-গ্রামের এমন নানান একমাত্রিক সমস্যা জর্জরিত গল্পকথা আমরা কেতাবি পরিচয়ে জেনে এসেছি। কিন্তু সমস্যা যাদের বহুমাত্রিক তারা কেমন করে বেঁচে আছে ? 

ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের শেষ প্রান্তে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী বিধৌত ব-দ্বীপ অঞ্চলে প্রায় দশ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই বনভূমির ৪০ শতাংশ পশ্চিমবঙ্গে এবং ৬০ শতাংশ বাংলাদেশের সীমানায় রয়েছে। বিরল প্রজাতির নানান পাখি মাছ সরীসৃপ উভচর স্তন্যপায়ী প্রাণী এবং গাছ-গাছালি মিলিয়ে এ এক অনন্য জীববৈচিত্র্য হটস্পট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই সংরক্ষিত বনভূমি জাতীয় উদ্যানটিকে, ২০১৯ সালে রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়। বিপন্নপ্রায় রয়েল বেঙ্গল টাইগার এখানে স্বমহিমায় উজ্জ্বল। বন বিভাগ এবং জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারত এবং বাংলাদেশ মিলিয়ে সমগ্র সুন্দরবনে বর্তমানে ২২৬টি বাঘ রয়েছে। এর মধ্যে বাংলাদেশে ১২৫টি এবং ভারতে ১০১টি। এক দশক আগেও ভারতবর্ষে এই প্রজাতির বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল। করোনা পরবর্তী সময়ে তারা ঘুরে দাঁড়ায়। ২০১৮ সালে ৮৮টি এবং ২০২৩ সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৬টি। 

'সুন্দরবন' নামে সুন্দর হলেও দারিদ্র দুর্দশা পীড়িত মানুষের জীবন এখানে ভয়ঙ্কর বিষাদগ্রস্ত। প্রবাদের কথা ধরলে এখানে আক্ষরিক অর্থেই 'জলে কুমির ডাঙায় বাঘ'। এলাকায় বাঘ ঢুকলে বা বাঘের মুখে পড়লে নিমেষেই চোখে মুখে সন্ধ্যা নেমে আসে দ্রুত। আবার জীবিকা যেখানে জলকেন্দ্রিক সেখানে কুমিরের সঙ্গে লড়াই করে কাঁহাতক টিকে থাকা যায় ? 

আগেই বলেছি এখানে সমস্যা বহুমাত্রিক। সাম্প্রতিককালে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ঠেলায় সমুদ্রের জলস্তর বেড়ে চলেছে প্রতিবছর। লোহাচরা, নিউ মুরে, বেডফোর্ড, সুপারিভাঙ্গা, ঘোড়ামারা দ্বীপগুলি জলের তলায় তলিয়ে গিয়ে ডেকে এনেছে উদ্বাস্তু বেদনার বাসস্থান সংকট। ফি বছর বিধ্বংসী সাইক্লোন -- আমফান আইলা ইয়াস রেমাল ডানা তছনছ করে গিলে খেয়েছে ভিটেমাটি জীবন জীবিকা। অন্যদিকে, উপকূলীয় বন্যার জলোচ্ছ্বাস এবং নদী বাঁধ প্রকল্পের ব্যর্থতায় নোনা জল ঢুকে পড়েছে কৃষি জমির শিরায় শিরায়। এই পরিস্থিতিতে অলাভজনক কৃষি ব্যবস্থার উপর বিশ্বাস এবং ভরসা হারিয়ে জীবিকার খোঁজে মানুষ পাড়ি দিয়েছে দূরান্ত দেশ এবং বিদেশের পথে। মহিলা এবং শিশুরা পাচার হয়ে গেছে চোরাগলির অচেনা অন্ধকারে। এহেন সৌভাগ্য যাদের ঘরছাড়া করতে পারল না, নিদারুণ দারিদ্রেও যারা মাটি কামড়ে পড়ে রইলো তাদের এক পা টেনে নিয়ে গেল জলের কুমির অন্য পা কামড়ে খেলো ডাঙার বাঘ। 


জীবিকার অভাবে এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বসতি বিস্তারের প্রয়োজনে জঙ্গল কাটতে কাটতে মানুষ পৌঁছে গেল বাঘের ডেরায়। গাছ কাটতে কাটতে বনভূমি শিথিল হয়ে পড়ল। মানুষ এবং জন্তুর এই টানাপোড়েনে বাঘও বুঝে উঠতে পারল না তার আসল বাড়ি তাহলে কোনটা? 

ভারতীয় জ্ঞান পরম্পরায় জঙ্গলের সঙ্গে মানুষের সম্পর্ক প্রাচীন এবং নিবিড়। ১৯২৭ সালের জঙ্গল অধিকার আইন, ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন স্থানীয় অধিবাসীদের শর্তসাপেক্ষে জঙ্গলের উপর অধিকার নিশ্চিত করেছে। অন্যদিকে কয়েনের উল্টো পিঠের অন্ধকারের মতো অবৈধ শিকার চোরা চালান এবং নির্বিচারে গাছ কাটা আটকাতে মানুষের জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কঠোরভাবে। কিন্তু পেটের দায় মানুষ আটকাবে কী দিয়ে ? সুন্দরবনের জঙ্গল থেকে মৌলেদের মধু এবং মৌচাকের মোম, সুন্দরী কাঠের জ্বালানি, গোলপাতার ছাউনি, হোগলা ঘাস, হেঁতাল গরান গাছের কষ, ঝিনুক খোলের চুন, ভেষজ এবং ঔষধি গাছ-গাছড়া সংগ্রহ করা অন্যদিকে নদী এবং খাঁড়ির জলে মীন কাঁকড়া চিংড়ি এবং বড় মাছ ধরা স্থানীয়দের অন্যতম পেশা। 

জঙ্গলের গভীরে অথবা নদীতে নৌকা নিয়ে মানুষ যখন জীবিকার সন্ধানে বের হয় তখন সে বুঝতে পারেন না বাঘ তাকে আড়াল থেকে লক্ষ্য করছে। বাঘের বৈশিষ্ট্য হল, সে যখন শিকারের উপর আক্রমণের লক্ষে মনস্থির করে ফেলে তখন আর বাঁচার পথ থাকেনা। পেছন থেকে নিঃশব্দে অতর্কিতে ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আড়াইশো কেজি ওজনের পুরুষ বাঘ অথবা দেড়শো কেজির বাঘিনী তাদের ধারালো দাঁত নখ দিয়ে মুহূর্তের মধ্যে শিকারকে কব্জা করে ফেলে। অসহায় আত্মসমর্পণ ছাড়া মানুষের আর কিছু করার থাকে না। একজন অথবা দু-চার জন মিলে হিংস্র বাঘকে প্রতিহত করা বা আক্রমণ করার এই ভয়ানক শারীরিক এবং মানসিক যুদ্ধ জয় করা সম্ভব নয় মোটেই। মৃত শরীরকে টানতে টানতে জঙ্গলের গভীরে হারিয়ে যায় বাঘ। তারপর আর কোন খোঁজ পাওয়া যায় না। জলে জঙ্গলে জীবিকার খোঁজে বেরিয়ে বাঘের পেটে সেঁধিয়ে যাওয়া এইসব মৃত স্বামীর বিধবা স্ত্রীকে বলা হয় 'বাঘ-বিধবা'। এই একটি শব্দবন্ধ সারা পৃথিবীতে  আলোড়ন সৃষ্টি করেছে মানব সভ্যতার বিবেকের অন্দরমহলে। সুন্দরবনের মহিলাদের এমন ভয়াবহ অসহায় পরিণতি নিয়ে মিথ এবং সত্যের মোড়কে প্রচলিত রয়েছে লোক সংস্কৃতির নানান গল্পকথা। 


অনেকদিন পর অন্য মৌলেরা জঙ্গলের মধ্যে মানুষের রক্তমাখা ছেঁড়া জামা কাপড় দেখলে ঘটনার বীভৎসতা আন্দাজ করতে পারে এবং সাবধান হয়। প্রতিটি পূর্ববর্তী ঘটনা থেকে পরবর্তী কৌশল মানুষ শিখে নেয় সহজেই। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে বাঘের আক্রমণের তুলনায় সুন্দরবন অঞ্চলে বাঘের আক্রমণ চারিত্রিক দিক দিয়ে সম্পূর্ণ আলাদা। রয়েল বেঙ্গল টাইগার চরম প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকে। এমনকি সাঁতরে নদী পারাপার করতে পারে। মানুষকে এরা সরাসরি আক্রমণ এবং শিকার করে বলে এদের মানুষ-খেকো বলা হয়। এই মানুষ-খেকো বাঘের হাত থেকে বাঁচতে সুন্দরবনের মৌলেরা অবিকল মানুষের মতো দেখতে একটি মুখোশ মাথার পেছনদিকে লাগিয়ে রাখে। মানুষের মত চোখ মুখ দেখে বাঘ বিভ্রান্ত হয় এবং মনে করে মানুষটি তার দিকেই এগিয়ে আসছে। ফলে সহজে আক্রমণ করার সাহস পায় না। জীবিকার খোঁজে মানুষ প্রায়ই দল বেঁধে বের হয় কারণ দলবদ্ধ থাকলে বাঘ ভয় পায়। বিচ্ছিন্ন মানুষকে আক্রমণ করার তুলনায় দলবদ্ধ মানুষকে আক্রমণ করা কঠিন। এছাড়া অন্যান্য কৌশলগুলি হলো সঙ্গে ধারালো অস্ত্র কাটারি লাঠি রাখা, নৌকাকে কিনারায় না রেখে খাঁড়ির মাঝখানে রাখা, জোয়ার ভাটার সময় জঙ্গলের ধরন আন্দাজ করা, তীব্র ঘ্রাণশক্তি-ওয়ালা দেশী কুকুর সঙ্গে রাখা, অনবরত আওয়াজ করা এবং সতর্ক থাকা ইত্যাদি। 

বাঘের আক্রমণে নিহত স্বামীর বিধবা স্ত্রীরা গ্রামের যে পাড়ায় থাকে তাকে 'বিধবা পাড়া' বলা হয়। পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলার মধ্যে গোসাবা ব্লকের লাহিড়ীপুর আরামপুর দয়াপুর সাতজেলিয়া এঁদোখালি জেমসপুর পাখিরালয় ছোটমোল্লাখালি, কুলতলী ব্লকের কিশোরীপুর দেউলবাড়ী মনিঘাট জয়নগর, বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া কুমিরমারি ঝড়খালি সোনাখালি, এছাড়াও হিঞ্জলগঞ্জ সন্দেশখালি পাথরপ্রতিমা অঞ্চলে বহু পরিবার বাঘের আক্রমণে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িতে বাড়িতে ছোট ছোট শিশুদের নিয়ে অসহায় বাঘ-বিধবাদের গোপন এবং বিফল অশ্রুপাত বাতাসে কান পাতলেই শোনা যায়। বাঘ-বিধবা শব্দটি আইনের চোখে অস্বস্তিকর। জঙ্গলের গভীরে প্রবেশ করে গ্রামের কোন মানুষ বাঘের আক্রমণে মারা গেছে অর্থাৎ সে আইনের চোখে অপরাধী। পুলিশ প্রশাসন জানতে পারলে তৎক্ষণাৎ সেই পরিবার এবং সঙ্গে জড়িত প্রতিবেশীদের হেফাজতে নেবার নির্দেশ রয়েছে। এমতাবস্থায় অসহায় স্ত্রী পড়ে উভয় সংকটে। বিনা মেঘে বজ্রপাতের এই ঘটনার জন্য না সে প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে, না সে চিৎকার করে বুকফাটা কান্নার প্রকাশ করতে পারে। শাস্তি এড়াতে ঘটনার গোপনীয়তা বজায় রেখে বাঘ-বিধবারা সারাজীবন গুমড়ে কেঁদে মরে।

সুন্দরবনে 'বনবিবি এবং দক্ষিণ রায়'-এর লোককথার সঙ্গে বাঘ-বিধবা ঘটনার একটি যোগাযোগ রয়েছে। অষ্টাদশ শতাব্দীতে সুন্দরবনের লোকসংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে 'বনবিবি জহুরনামা' উপাখ্যান রচনা করেন কবি বয়ানউদ্দিন। সুন্দরবনের লোকাচারে বাঘের রাজা হিসেবে দক্ষিণ রায়কে পূজা করা হয়। অন্যদিকে মা বনবিবি হলেন হিন্দু মুসলমান নির্বিশেষে সকল মানুষের আরাধ্য জঙ্গলের লোকদেবী। আল্লাহর নির্দেশে বনবিবি তার যমজ ভাই শাহ জঙ্গলিকে নিয়ে এই পৃথিবীতে আসেন দক্ষিণ রায়ের হাত থেকে মানুষকে রক্ষা করতে। কথিতে আছে মনুষ্যরূপী দক্ষিণ রায়ের শর্ত অনুযায়ী, ধনাই এবং মনাই দুইভাই লোভে পড়ে তাদের অনাথ ভাইপো দুখেকে জঙ্গলে বাঘের খাবার হিসেবে ফেলে আসে। বাঘের আক্রমণ থেকে বাঁচতে দুখে বনবিবির নাম জপ করতে থাকে এবং তৎক্ষণাৎ বিপদ থেকে উদ্ধার পায়। এরপর বনবিবির দরবারে দক্ষিণ রায়কে হাজির করিয়ে একটি অলিখিত নিয়ম তৈরি হয়। মানুষের জন্য নিয়ম হলো -- জঙ্গল থেকে সে কেবল পেটের খিদেটুকু সংগ্রহ করবে। অতিরিক্ত লোভ করবে না। বাঘের জন্য নিয়ম হল -- জঙ্গলে আসা নিরুপায় মানুষকে বা গ্রামে ঢুকে অসহায় মানুষকে আক্রমণ করবে না। বর্তমান বাঘ বিধবার ঘটনার নিরিখে 'বনবিবি জহুরনামা' আসলে একটি মানবিক মূল্যবোধ এবং পরিবেশগত পাঠ। মানুষ যতদিন নিজের লোভ সংবরণ করে জঙ্গলের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, সে বনবিবির কৃপাধন্য হবে এবং বাঘের আক্রমণ থেকে রেহাই পাবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে আজও সুন্দরবনের গ্রামে গ্রামে 'বনবিবির পালা' নামক লোক নাটক অভিনীত হয়। 

সুন্দরবনের বাঘ-বিধবাদের নিয়ে নানান নির্মম লোকাচার, সামাজিক ও ধর্মীয় বিশ্বাস গড়ে উঠেছে লোকমুখে। কথিতে আছে স্বামী জঙ্গলে রওনা দেওয়ার আগে স্ত্রী তার এযোতির লক্ষণ সিঁথির সিঁদুর এবং হাতের শাখা পলা নোয়া খুলে রেখে আগাম বৈধব্য পালনের মধ্য দিয়ে বনবিবির কাছে স্বামীর সুস্থ শরীরে বাড়ি ফিরে আসার মানত করে। জঙ্গলের গভীরে যাওয়া মানে মানুষের ফিরে আসার সম্ভাবনা অর্ধেকের কম। এমতাবস্থায় আগাম বৈধব্যের মানসিক প্রস্তুতি হিসেবে চরম দুঃসংবাদের মুখোমুখি হয়ে মানসিক শক্তি ধরে রাখতে এই রীতি পালিত হয়। স্বামী যতদিন জঙ্গলে থাকে স্ত্রী ততদিন চুল বাঁধে না, চিরুনি দিয়ে চুল আঁচড়ায় না, দামি শাড়ি গয়না পরে না। বিনম্র এবং অহংকারহীন এই কঠিন ব্রত পালনের মধ্য দিয়ে তারা বিশ্বাস করেন দুখের মতো বনবিবির করুণা নিয়ে স্বামী অক্ষত শরীরে জঙ্গল থেকে ফিরে আসবে। এতসব কিছুর পরেও বাঘের আক্রমণে স্বামী মারা গেলে সেই ঘটনার সম্পূর্ণ দায় উল্টে তার স্ত্রীর উপরই চাপানো হয়। মনে করা হয় ব্রত পালনের কোন ত্রুটি অথবা স্ত্রীর নিজস্ব কোন পাপের কারণে সে বিধবা হয়েছে। বাঘ-বিধবাদের সমাজে অশুভ অপয়া অভিশপ্ত এবং অচ্ছুত তকমা দিয়ে কোন শুভ ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয় না। 

২০২৪ সালের আগে বাঘের আক্রমণের মৃত স্বামীর ক্ষতিপূরণ দাবির ব্যাপারটি ছিল নানান আমলাতান্ত্রিক এবং প্রশাসনিক লাল ফিতের মাঝে আটকে পড়া একটি দীর্ঘশ্বাস। সরকারের পক্ষ থেকে নানান শর্ত পূরণের তালিকা দেওয়া হয়। যেমন স্বামীর মৃত্যু জঙ্গলের কোর এলাকায় হলে চলবে না, মৃত স্বামীর বোট লাইসেন্স সার্টিফিকেট, পুলিশ এবং বনদপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট থাকতে হবে, বীমার কার্ড এবং গ্রামের প্রধানের চিঠি ও মৃত্যুর প্রমাণপত্র বা ডেথ সার্টিফিকেট থাকতে হবে। ক্ষতিপূরণ পেতে মৃত স্বামীর ডেড বডির পোস্টমর্টেম রিপোর্ট বাধ্যতামূলক। কিন্তু যে শরীর বাঘের পেটে হজম হয়ে গেছে তার ময়না রিপোর্ট কে দেবে? তথ্য পরিসংখ্যান থেকে জানা যায় বিগত ছয় বছরে শুধুমাত্র গোসাবা এলাকায় একশো জন মহিলা বাঘের আক্রমণে স্বামীকে হারায়, যার মধ্যে মাত্র পাঁচ জন মহিলা ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে আবেদন করে, তাদের মধ্যে মাত্র তিন জন মহিলাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এসব নানা আইনি মারপ্যাঁচের ঝামেলায় পড়ে বিধবা স্ত্রী নীরবে সবকিছু মেনে নেয়। গ্রামের দিকে বাঘ-বিধবাদের পুনরায় বিবাহ করা সামাজিকভাবে স্বীকৃত নয়। ফলে কুড়ি পঁচিশ বছর বয়সে বিধবা একটি মহিলার জন্য সারা জীবনের বৈধব্য ছিল নরক যন্ত্রণার সমান।

সভ্যতার আধুনিক ধাপে ধাপে এইসব কুসংস্কার রীতিনীতি এবং বিশ্বাসের পরিবর্তন ঘটেছে। বিধবা স্ত্রীরা নিজেদের অধিকার সংরক্ষণে এখন যথেষ্ট সচেতন। সুন্দরবনের জঙ্গল সংলগ্ন এলাকার স্বামীহারা স্ত্রীর আইনি অধিকার পুনর্বাসন এবং সামাজিক মর্যাদা ফিরিয়ে দিতে ঐতিহাসিক আন্দোলন শুরু হয়েছে নানান স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে। ২০২০ সালে সুপার সাইক্লোন আমফান এবং করোনাকালীন পরিস্থিতিতে বাঘ-বিধবা গীতা মৃধার নেতৃত্বে গোসাবা ব্লকে সুন্দরবন ব্যাঘ্রবিধবা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি হয়। দিশা (DISHA -- Direct Initiative for Social and Health Action) এবং ডেভলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন (DMF)-এর সক্রিয় সহযোগিতায় সুন্দরবনের প্রান্তিক মহিলারা অন্ধকার নতুন ভোরের স্বপ্ন দেখছে। সুমিতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 'পথের সাথী কলকাতা' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃত্বে সুন্দরবন এলাকায় কমিউনিটি কিচেন, ক্ষতিপূরণ আদায়, কলকাতায় পুনর্বাসন, সম্মানজনক জীবিকার অনুসন্ধান ইত্যাদি নানা কাজ বাঘ-বিধবাদের সমাজের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছে। 

২০২৪ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে একটি যুগান্তকারী রায় দেওয়া হয়। সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত স্বামীর পরিবারকে নিঃশর্তে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বাঘের আক্রমণে মৃত্যুকে যে জঙ্গলে 'অবৈধ অনুপ্রবেশ' বলে ধরা হতো, বিচারপতি ভট্টাচার্যের রায়ে এই অপচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়। এছাড়াও রাজ্য মহিলা কমিশনের সুপারিশে পশ্চিমবঙ্গ সরকারের নানান সমবায় প্রকল্পে মাছ চাষ হাঁস-মুরগি পালন কৃষিকাজ ম্যানগ্রোভ বীজ সংগ্রহ এবং চারা রোপন কাজে ব্যাপকভাবে সরকারি ঋণ এবং সহযোগিতা দেওয়া হয়। বাঙালি 'ম্যানগ্রোভ ম্যান' শিক্ষক উমাশঙ্কর মন্ডল-এর নেতৃত্বে মহিলাদের সক্রিয় ভূমিকায় ম্যানগ্রোভ অরণ্য ফিরে পাওয়ার নিবিড় প্রক্রিয়া চলছে গ্রামে গ্রামে। বাড়ি বাড়ি স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে মহিলাদের সামাজিক অচলায়তন ভাঙতে উদ্যোগ নিয়েছেন চন্দননগরের 'প্যাডম্যান'। এছাড়াও, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ফাও (FAO -- Food and Agricultural Organization)-এর যৌথ উদ্যোগে 'নবশক্তি মিশন'-এর আওতায় জীবিকা অর্জনের মাধ্যমে সুন্দরবনের বাঘ-বিধবারা সামাজিক সম্মান ফিরে পাচ্ছেন ধীরে ধীরে।  

সুন্দরবন অঞ্চলে গেলে গ্রামে গ্রামে বাঘ বিধবা খুঁজে পেতে খুব একটা পরিশ্রম করতে হয়না বা বিশেষ গবেষণারও প্রয়োজন পড়ে না। কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সোশ্যাল মিডিয়ায় 'সমাজসেবী' হয়ে উঠতে চেয়ে এবং টুরিস্ট কোম্পানির মুনাফার লোভের শিকার হয়ে পর্যটকদের সামনে বাঘ-বিধবাদের 'পণ্য' হিসাবে দাঁড় করানোর ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়। মানুষ হয়ে মানুষের জন্য সহমর্মিতা ভালোবাসা বা সহযোগিতার হাত মাথায় রাখার মতো মানসিকতা সভ্য সমাজের মন থেকে দিন দিন মুছে যাচ্ছে। শক্তি চট্টোপাধ্যায়ের কলমে-- "মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও,/মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও,/মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।" লাইনগুলো বড়ই ভিনগ্রহের বলে মনে হয়। 



ফাল্গুনী দে 

সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ 

ওমেন্স খ্রীষ্টান কলেজ, কলকাতা 



মন্তব্যসমূহ

  1. অদ্বিতীয় একটি লেখা স্যার...অনেক কিছু জানতে পারলাম।

    উত্তরমুছুন
  2. অপূর্ব লেখা স্যার
    এই লেখার মাধ্যমে বাস্তব ঘটনাকে জানতে পারলাম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপেক্ষা

অন্যরকম পুজো

সবুজ মেখলিগঞ্জ ও আন্তর্জাতিক সীমানা