আমিও রোদ্দুর হতে চাই
শ্বেতাদৃতা মাইতি
আমার শিল্পী হতে ইচ্ছে
করে।
কেন করে, তার খুব পরিষ্কার কোনো উত্তর আমার কাছে
নেই। ছোটবেলার দিকেই নাচ শিখি। বাড়িতেও গান, আবৃত্তি, আঁকা, লেখালিখি, নাটকের চর্চা
রয়েছে। ছোটখাটো একটা লাইব্রেরিও রয়েছে। তাই হয়তো শিল্প আমার কাছে কখনও আলাদা কোনো
জগৎ ছিল না; জীবনেরই একটা স্বাভাবিক অংশ ছিল বরাবর।
আর যত বড় হয়েছি, ততই মনে হয়েছে—আমি শিল্পী হতে
চাই।
কোথাও একটা পড়েছিলাম—
“সবার
উপর মানুষ সত্য, তাহার উপর শিল্প।”
কথাটা আমি খুব বিশ্বাস
করি। যদিও বড় হতে হতে মনে হয়েছে, “মানুষের উপরে শিল্প”—ব্যাপারটা হয়তো ঠিক তা নয়।
বরং সবার উপরে মানুষ সত্য, আর মানুষের সবচেয়ে সুন্দর প্রকাশগুলোর একটি বোধহয় তার
শিল্পীসত্তা।
কারণ শিল্প তো শুধু শিল্পীর তৈরি কোনো একটা বস্তুর
মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্প মানে আপনি একটা জিনিসকে কীভাবে দেখছেন, কীভাবে অনুভব করছেন,
আর কীভাবে সেটাকে নিজের মতো করে প্রকাশ করছেন—সেটাও।
এই কথাটা আমি সবচেয়ে বেশি বুঝেছিলাম এবারের পুজোর
আগে।
আমার উনিশ বছরের জীবনে এ বছরই প্রথম কুমোরটুলিতে
গিয়ে খুব কাছ থেকে শিল্পীদের কাজ দেখার সুযোগ হয়েছিল।
এবার এটা শুনে ভাববেন না যে আমি একদম গোড়া থেকে
বসে প্রতিমা বানানো দেখে এসেছি। মোটেও না।
আমি গিয়েছিলাম মহালয়ার কাছাকাছি। ততদিনে প্রতিমা
বানানো প্রায় শেষ। কোথাও চোখে টান পড়ছে, কোথাও রঙের শেষ রেখাটা আঁকছেন শিল্পী। কেউ
প্রতিমার সাজ তৈরি করছেন, কেউ শোলার কাজ করছেন, কেউ শাড়ি পরাচ্ছেন, আবার কেউ এই মানুষগুলোর
খাওয়ার ব্যবস্থা করছেন।
খেয়াল করলে দেখবেন, আমি সবাইকেই শিল্পী বললাম।
কারণ যে মানুষটা প্রতিমার চোখ টানছেন
তিনি যদি শিল্পী হন, তাহলে যিনি শাড়ির ভাঁজটা ঠিক করে দিচ্ছেন, তিনি নন কেন? এমনকি
যিনি এই মানুষগুলোর খাওয়ার ব্যবস্থা করছেন, তিনিই বা এই পুরো সৃষ্টির বাইরে কোথায়?
আমার তো মনে হয়, এঁরা প্রত্যেকেই একই বৃহৎ সৃষ্টির
অংশ। আর প্রত্যেকটা কাজের জন্যই দক্ষতা লাগে। ধৈর্য লাগে। অভ্যাস লাগে। সবথেকে বেশি
যেটা লাগে, সেটা বোধহয় সাধনা।
শিল্পী হওয়া তাই আমার কাছে শুধু একটা
profession নয়, একটা দেখার ধরনও।
সেই জন্যই হয়তো মায়ের হাতের সর্ষে দিয়ে বানানো
মাছের ঝালেও শিল্প দেখতে পাই। মা যখন সুন্দর করে শাড়ি পরে, তার নিখুঁত কুচিগুলোর মধ্যেও
পাই। আবার কারও হাতের সুন্দর লেখায়, ক্রিকেট খেলায় কিংবা খুব সাধারণ একটা কথা অসাধারণভাবে
বলে দেওয়ার মধ্যেও পাই।
সবটাই তো শিল্প।
What is even Earth without art? It’s just a
rock.
কুমোরটুলিতে দাঁড়িয়ে সেদিন সম্ভবত প্রথমবার খুব
কাছ থেকে মানুষকে তার সমস্ত অনিশ্চয়তা, ক্লান্তি আর দৈনন্দিনতার মাঝখানে সৌন্দর্য
সৃষ্টি করতে দেখেছিলাম।
তারপর ঘাটে গিয়ে বসেছিলাম। বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম
ঠিকই, কিন্তু মাথার মধ্যে তখনও ওই মানুষগুলোই ঘুরছিল।
কারও গায়ে ছেঁড়া গেঞ্জি। কখন খাবেন তার ঠিক নেই।
সামনে পুজো বলে কাজের চাপ সাংঘাতিক। অথচ তাঁরাই নিজেদের হাতে একটা মাটির অবয়বকে এমন
কিছুতে পরিণত করছেন, যার সামনে কয়েকদিন পরে হাজার হাজার মানুষ এসে দাঁড়াবে।
এই কাজের মধ্যে তাঁরা কী সুখ পান?
আমি জানি না।
কিন্তু সেদিন মনে হয়েছিল, নিজের সত্তাকে
এমন একটা কাজে ঢেলে দেওয়া, যার মধ্যে অন্য কেউ একটু আলো খুঁজে পায়—রোদ্দুর
হওয়া বোধহয় সেটাই।
তখনই অমলকান্তির কথা মনে পড়েছিল।
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।
আর আমার সামনে দাঁড়িয়ে থাকা এই অমলকান্তিরা?
এঁরা রোদ্দুর হতে পেরেছেন।
হয়তো কেউ কোনোদিন এঁদের নাম জানবে না। কেউ জানবে
না ওই চোখের টানটা কার হাতে পড়েছিল, শাড়ির ওই ভাঁজটা কে ঠিক করেছিলেন, শোলার নকশাটা
কার হাত থেকে বেরিয়েছিল।
কিন্তু তাতে কী?
এখন প্রশ্ন আসতেই পারে—
“এত যখন শিল্পী হওয়ার ইচ্ছে, তাহলে Geography নিয়ে
পড়ছ কেন?”
Geography আমার ভালোবাসার জায়গা, আর আমি হয়তো Geography পড়ি প্রকৃতির শিল্পকর্ম
দেখব বলেই।
এই যেমন একটা নদীকে দেখুন।
সে কোনো scale নিয়ে বসে meander আঁকেনি। অথচ কী অদ্ভুত তার বাঁক!
Geography আমাকে পৃথিবীটা
পড়তে শেখায়। তবে “পড়তে শেখায়” বললেও বোধহয় পুরোটা বলা হয় না।
Geography আমাকে দেখতে শেখায়।
আর শিল্পও তো শেষ পর্যন্ত সেটাই—একই পৃথিবীকে একটু
অন্যভাবে দেখা। তাই ভূগোলের চোখে পৃথিবী পড়া আর শিল্পীর চোখে পৃথিবী দেখা আমার কাছে
কখন যে পাশাপাশি এসে দাঁড়িয়েছে, আমি নিজেও জানি না।
আর শিল্পী হওয়ার কি কোনো নির্দিষ্ট
degree আছে? Fine Arts পড়তেই হবে? কোনো certificate একদিন হাতে এসে ঘোষণা করবে—“আজ
থেকে তুমি শিল্পী”?
আমি অন্তত বিশ্বাস করি না।
শিল্পী হতে একটা মন লাগে, দেখার চোখ লাগে। আর সবথেকে
বেশি লাগে—সাধনা।
আমি নাচ করতে চাই। লিখতে চাই। ছবি তুলতে চাই।
Geography পড়তে চাই। নদীর বাঁক দেখে অবাক হতে চাই। প্রতিমার চোখে শেষ তুলির টান পড়া
দেখতে চাই। মায়ের শাড়ির কুচি দেখে বলতে চাই—কী সুন্দর! একজন professor-এর পড়ানোর
ধরনেও শিল্প খুঁজে পেতে চাই।
হয়তো আমার শিল্পী হওয়া কোনো একটা মঞ্চে, কোনো একটা
canvas-এ, কোনো একটা degree-তে আটকে থাকবে না। আমি সব রকম পরিসরে, সব রকম অবতারে শিল্পকে
আরাধনা করতে চাই।
আর যা দেখব, যা অনুভব করব, তার মধ্যে
থেকে যদি কোনোদিন অন্য একজন মানুষও একটু আলো খুঁজে পায়—
তাহলেই
বোধহয় আমিও রোদ্দুর হতে পারব।

লেখালিখির গুনটা আছে জানি, তবে এত ভালো লিখিস জানতাম না তো! আরও লেখার অপেক্ষায় রইলাম। ~ইতি, অনুরাগী
উত্তরমুছুনDarun likhechis re!❤️
উত্তরমুছুনSundor🤍🤍
উত্তরমুছুন