একদিনের ছোট্ট ভ্রমণ : লাভপুর



কস্তুরী দাশ

হাওড়া স্টেশনের নিত্য ব্যস্ততা পেরিয়ে সকাল 6:05 এর গণদেবতা এক্সপ্রেস। ঘন্টা তিনেকের ট্রেন যাত্রার শেষে, পৌঁছলাম 'আহমেদপুর'। সেখান থেকে টোটো রিসার্ভ করে লাভপুরের দিকে। বীরভূমের রুক্ষমাটিতে এখনই তাপের শাসন। পথের দু পাশে, বাসন্তীক হাওয়া বিলি কেটে যাচ্ছে সবুজ ধানের ক্ষেতে, অজস্র ফিঙে, বাঁশপোতা পাখির কিচিরমিচিরে মনের জানলায় ভালোলাগার রোদ্দুর।

 

কোথাও রুক্ষভূমি জুড়ে, দূরে, অনেক দূরে তাল গাছের সারি, শুকনো ধুলো ওড়া প্রান্তর, অনেককাল আগের বীরভূমির প্রকৃত চিত্র মনের মধ্যে উঁকি দিয়ে যায়। পথে পড়লো গোপালপুর গ্রাম, উজ্জ্বলপুর, চৌহাট্টা, সুন্দিপুর, আগুয়া ব্রিজ, ফুটিসাঁকো, হীরাপুর, কুসুমগড়িয়া, কুঁচুইঘাটা, কেউদা হয়ে পৌঁছলাম লাভপুর।

এ পথ শেষ হবার নয়। যেখানে পৌঁছলাম, সেখান থেকেই শুরু হলো এক নতুন যাত্রার। যার টানে এতদূর আসা, পাবো তো তাকে!..
-------------------------------------------------------------------------

টোটো তে প্রায় মিনিট পয়তাল্লিশ এর পথের শেষে, এসে পৌঁছলাম 'লাভপুর'। এর আগে বোলপুর থেকে লাভপুর এসেছি। মায়ের মন্দিরে পূজো দিয়ে, আবার ফিরে গেছি বোলপুর। এবারে এখানে থাকা। এক পরিচিতের কাছে। 

ফ্রেশ হয়ে, ফুল্লরা মায়ের মন্দিরে। ভারী সহজ এই স্থান। আড়ম্বরহীন, গাছপালা সমাচ্ছন্ন এক সুন্দর পরিবেশে ঘেরা মায়ের এই পীঠস্থান। নিশ্চিন্তে মায়ের পাশে বসে, নিজের মনের কথা বলা যায়। যদিও মনের কথা আর মনে পড়েনি সেইসময়। শুধু এক মুগ্ধ আবেশে বসে রইলাম মায়ের পাশে কিছুক্ষণ।

দুপুরে মায়ের প্রসাদ গ্রহণ করবো। দুপুরের কুপন কেটে নিয়ে, চললাম তখন কিছু একটু খাবার জন্য। এই অঞ্চলে দোকান পাট তেমন কিছু নেই। দু একটি চা চপ ঘুঘনির দোকান ছাড়া। মুড়ি ঘুঘনি চপ সহযোগে জলযোগ মন্দ হলোনা।

মন্দির চত্বরে নানা রকমের গাছপালা। নাম না জানা অচেনা ফুলের সৌরভ, ছাগল ছানার তিড়িং বিড়িং, হনুমানের দলবদ্ধ হুটোপাটি দেখতে দেখতে বেশ কাটতে লাগলো সময়। মন্দির চত্বরেই মায়ের দীঘি। সুন্দর শান্ত পরিবেশ। রোদের তাপে মাটিতে পা ফেলা দায়। তারমধ্যেই ঝিরিঝিরি হাওয়া, শুকনো পাতার রুমঝুম.. নির্ভেজাল শান্তি।

সময় হয়ে গেল প্রসাদ গ্রহণের। পরম যত্নে প্রসাদ বিতরণ করলেন সেবায়েতরা। প্রসাদ গ্রহণ করে ফিরে এলাম। এরপর সেই অচেনা, বহু প্রতীক্ষিত বিকেল। যে পথে অনেক চরিত্ররা হয়তোবা আমারই অপেক্ষায়..

--------------------------------------------------------------------------

দুপুরের ঘন্টা দুই রেস্ট এর প্রহর কখন পেরিয়ে গেল। বিকেল চারটে। এসে গেল মিঠুন ভাই, তার টোটো নিয়ে। শুরু হলো সেই যাত্রা, না না অন্বেষণ বলাই শ্রেয়। মাঠ ঘাট বন পুকুর মাটির বাড়ি, ধুলো ওড়া পথ সব নিয়ে চলতে চলতে, হঠাৎ এসে পৌঁছলাম এক দারুণ সিনেম্যাটিক জায়গায়।
 
পুরোনো দেউল, ভগ্নপ্রায় মন্দির, একরাশ শান্তির উপবনে। এখানে কিছুক্ষণ না কাটালে যেন আরও কয়েক জন্মের অপেক্ষা করতে হতে পারে। ইচ্ছে হচ্ছিল, থেকে যাই ওখানেই, উপভোগ করি এই পড়ন্ত বেলা ওই ভাঙা মন্দির প্রাঙ্গনেই।

পুরোনো দেউল, ভগ্নপ্রায় মন্দির, একরাশ শান্তির উপবনে

কিন্তু, আমি যে এসেছি অন্য অন্বেষণে.. তার দেখা যে পেতেই হবে.. মস্তলী গ্রাম পেরিয়ে গেল.. বেশ নাম। না জানি আরও কত পথ বাকি!..এতকাল গ্রামের পথে ধানক্ষেত দেখেছি। আজ দেখলাম গমক্ষেত। হালকা সবজে- হলুদের আদর মাখা। তাদের মুখে চোখে প্রীতি সম্ভাষণ।

আজ দেখলাম গমক্ষেত
                                                   

হঠাৎই পথের শেষ প্রান্তে এসে টোটো দাঁড়িয়ে পড়লো। 'পশ্চিম কাদিপুর'। মিঠুন জানালো, এই হলো শেষপ্রান্ত, টোটো আর যাবেনা। দেখতেই পাচ্ছিলাম অসমান জমি, জায়গায় জায়গায় জল জমে আছে। চতুর্দিকে শর বন পথ আড়াল করে দাঁড়িয়ে।

হোক গে, তবু যাবো। লক্ষ্যের এত কাছাকাছি এসে ফিরে যাবো নাকি। শুরু হলো হাঁটা। এবড়ো খেবড়ো ভূমি আর শরের জঙ্গল সরিয়ে সরিয়ে এক দুর্নিবার যাত্রা।

কোথায় পাবো তারে....
---------------------------------------------------------------------------

প্রায় মিনিট দশেক শরের জঙ্গল পেরিয়ে, এসে পড়লাম এক পথে, যেখানে অজস্র লতা গুলমের ঘন ঝোপের পাশে সমান্তরাল এক উঁচু পাড় চোখে পড়লো। বেশ উঁচু, তার ওপাশের চেহারা পাড়ের ওপরে না দাঁড়ালে চোখে পড়ার নয়। উঠলাম কষ্ট করে।
যা দেখছি, যাকে দেখবো বলে মনের মধ্যে বয়ে চলা তিরতিরে নদীটাকে এতকাল সযত্নে লালন করেছি, এই কী সেই সুন্দরী!...

কোপাই নদীর প্রায় মাঝামাঝি জায়গায় যে বিখ্যাত বাঁকটার নাম হাঁসুলীবাঁক - অর্থাৎ যে বাঁকটায় অত্যন্ত অল্প-পরিসরের মধ্যে নদী মোড় ফিরেছে, সেখানে নদীর চেহারা হয়েছে ঠিক হাঁসুলী গহনার মত। বর্ষাকালের সবুজ মাটিকে বেড় দিয়ে পাহাড়িয়া কোপাইয়ের গিরিমাটি-গোলা জলভরা নদীর বাঁকটিকে দেখে মনে হয়, শ্যামলা মেয়ের গলায় সোনার হাঁসুলী : কার্তিক-অগ্রহায়ণ মাসে জল যখন পরিষ্কার সাদা হয়ে আসে -তখন মনে হয় রূপোর হাঁসুলী। এই জন্য বাঁকটার নাম হাঁসুলীবাঁক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - হাঁসুলী বাঁকের উপকথা )
     
এই বাঁকটার নাম হাঁসুলীবাঁক

এই অঞ্চলে বাঁশবাঁদি গ্রামে কাহারদের বাস। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর এই বিখ্যাত উপন্যাস 'হাঁসুলী বাঁকের উপকথা' র বিভিন্ন চরিত্র, যাদের কথা, যাদের গল্প, জীবনযাপন, তাদের বিশ্বাস-অবিশ্বাস, ভালো-মন্দের উপাখ্যান পড়তে পড়তে সেই ভূমি ছুঁয়ে আসার ইচ্ছে তৈরী হয়েছিল আমার মনে। যে টানে, যার টানে এতদূর আমি তাকে দেখতে পাবো কী পাবোনা এই দ্বিধার ভেলায় ভাসতে ভাসতে শেষমেশ আসতে পেরেছি, এই সেই বিখ্যাত 'হাঁসুলী বাঁক'। দেখে মনে হলো যেন এক শান্ত অভিমানিনী চুপ করে শুধু অপেক্ষাই করে চলেছে কতকাল ধরে।

ফিরে আসি আমার পথ পরিক্রমায় -
নদীর সেই উঁচু পাড়ে দাঁড়িয়ে, কিছুতেই তার সেই হাঁসুলীর মতো বাঁক মোবাইলের ক্যামেরায় ধরতে পারছিলাম না। মিনি র ক্যামেরায় তোলা প্যানোরামিক শট এ তাকে স্পষ্ট অনুভব করলাম। নদী এখানে অজস্র বাঁক তৈরী করেছে। সব বাঁকই মনে হচ্ছে, এই তো হাঁসুলী.. উঁচু পাড় ধরে বেশীদূর হাঁটতে পারলাম না। প্রতিপদে ঝোপঝাড় এত ঘন যে ভয় লাগছিল।

মনের খিদে তখনো মেটেনি যেন, মন বলছিলো আরও কিছু আছে, অনেক কিছু আছে.. দেখবি না!..
একটু পরেই সন্ধ্যে নামবে। গোধূলির আলোয় হাঁসুলী বাঁকের ধীর স্তিমিত হাসি, পাখিদের কুজন, রাঙা ধুলো ওড়া পথ.. আমার হাত ধরে নিয়ে চললো দূরে, আরও দূরে...
---------------------------------------------------------------------------

পাখির কুজনে মুখরিত হয়ে আছে চারপাশ। কিছুক্ষণেই সন্ধ্যা নামবে। তারমধ্যে এক নাম না জানা পাখি একটানা তার অস্তিত্ব জানান দিয়ে চলেছে, ট্টি ট্টি ট্টি ট্টি স্বরে। চোখ আর মন দূর থেকে দূরে ভেসে চলেছে।
কী অপূর্ব এই প্রকৃতি!.. এই গোধূলি বেলা..

হাঁসুলী বাঁক তো দেখা হলো, এবারে তবে ফেরা যাক।

গরু চড়িয়ে ঘরে ফিরছেন দুই রমণী। মনে হলো, যা দেখলাম, এই সেই হাঁসুলী বাঁক কিনা জিজ্ঞেস করে নেওয়া যাক। এদিকে,এই তিন পাগলের আগমনে তাদেরও জিজ্ঞাসু দৃষ্টি। আলাপ করি। এই পশ্চিম কাদিপুর গ্রামে, বেহারা পাড়ায় এনাদের বাড়ি। লক্ষ্মী দাশ, কল্যাণী দাশ, ছবি কাহার।

গরু চড়িয়ে ঘরে ফিরছেন দুই রমণী

চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়। নিশ্চিন্ত হই, এই সেই হাঁসুলী বাঁক। তবে তারা জানালেন, আরও খানিক গেলে দেখা যাবে দুই নদীর মিলন স্থল। বক্রেশ্বর আর কোপাই নদীর মিলিত প্রবাহ। 'যাবে!.. এতদূর এলে যখন যাবেনা একবার! চলো.. দেখবে চলো.. '

গরুর পালের দায়িত্ব অন্য এক মহিলার হাতে দিয়ে তারা চললেন আমাদেরকে নিয়ে। তাদের কথার টানে সম্মোহিতের মতো এগোতে থাকি।

আজ নিজেকে মুক্ত করে দিয়েছি। পথ বেঁধেছে বাঁধনহীন বাঁধনে। আজ বয়ে যেতে চাই নদীর মতো।

পথ আর ফুরোয় না। হেঁটে চলেছি বক বক করতে করতে। কল্যাণী দি আর লক্ষ্মী দি। লাল মাটির বুকে, এই দুই পল্লীরমণীর সাধারণ গল্পে-কথায় মন স্নিগ্ধতায় ভরে উঠছিল। ওদিকে একটানা সেই ট্টি ট্টি ট্টি ট্টি আওয়াজ ক্রমশঃ তীব্র হয়ে উঠছে। কল্যাণী দি জানালো, 'ও হলো হাট্টিমাটিম পাখি। ওই দেখো, ওই দেখো.. '
কোপাই নদীর পাড়ে, দিনশেষের রাঙা আলোয় তাদের নিজস্ব আলাপনে মুখর সেই গোধূলি বেলা। কী সুন্দর!.. মনে হচ্ছিল, 'আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে ---'

দূর থেকেই তারা ঠাহর করতে পেরেছে হয়তো, এই অনাহুতো অতিথিদের আগমন। উড়ে আরও দূরে চলে গেল তারা ট্টি ট্টি ট্টি ট্টি করতে করতে। ছবি তুলতে পারলাম না।

পথে পড়লো একের পর এক ইঁট ভাটা। জানলাম, কাজ বন্ধ হয়ে আছে বহুদিন। রুক্ষ ভূমি, ক্রমশঃ কমে আসা আলো, বটের ঝুরিতে কত কালের কত গল্পের উত্থান পতন। কল্যাণী দি, লক্ষ্মী দির জীবনযাপনের গল্প.. যেন কতকালের চেনা দুই আপনজনের সাথে বহুদিন বাদে দেখা। পারস্পরিক কথার আদান প্রদানে নির্ভেজাল আনন্দের উত্তাপ।

পথে পড়লো একের পর এক ইঁট ভাটা; বক্রেশ্বর ও কোপাই নদীর দুই ধারা, আর তাদের মিলিত প্রবাহ 

                                        
সঙ্গের সঙ্গীরা, দুই রমণী..কোনো তাড়া নেই যেন তাদের। আমার যত উৎসাহ, তাদের আমাকে দেখাবার উৎসাহ, এতটুকু কম নয়। যেন, এই পথ এই নদী গাছপালা পাখি সব দেখাতে পারলে, তাদের কী যেন খুব পাওয়া হবে। মনে হচ্ছিল, আমি ওদের খুব কাছের কেউ। কত আপনার। গল্পে কথায় এসে পৌঁছই খুব সংকীর্ণ এক জায়গায়। কোনোরকমে এক পা এক পা করে এসে পৌঁছই, বেশ উঁচু, নদীর পাড়ে। চারপাশে ঝোপ ঝাড়। সেখান থেকে স্পষ্ট প্রতিভাত বক্রেশ্বর ও কোপাই নদীর দুই ধারা, আর তাদের মিলিত প্রবাহ।                                                 

কিচ্ছু চাইনা আমার। এই জগৎ এই উজাড় করা প্রকৃতি আমাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছে।
' কী পাই নি তারি হিসাব মিলাতে
মন মোর নহে রাজি '

এবারে সত্যি ফেরার পালা।
আর কী কোনোদিন দেখা হবে.. কল্যাণী দি, লক্ষ্মী দি। মন বলছে, হ্যাঁ, নিশ্চয়ই হবে। ওই কাহার পাড়ায়।
যেখানে..
"সুচাঁদ গাছতলায় ব'সে ব'লে যায়, হাঁসুলীবাঁকের উপকথা। শ্রোতারা কেউ শোনে গোড়াটা, কেউ মাঝখানটা, কেউ বা শেষটা।" ( হাঁসুলী বাঁকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। )
-----------------------------------------------------------------------

শেষ বেলায় সেই সাহিত্য মন্দিরে, সেই আলোকিত পথের সন্ধানে, তাঁর আলয়ে। জীবনের পাতায় সংযোজিত হলো এক শান্ত গভীর উপলব্ধি 🙏



*ছাত্রী, ১৯৯৪

 




মন্তব্যসমূহ

  1. এক মায়াবী ভালোলাগায় মন পরিপূর্ণ হলো। বেশ কিছু দিন এর প্রভাব বজায় থাকবে।

    উত্তরমুছুন
  2. হাঁসুলি বাঁকের খোঁজ তো রীতিমত research work, খুব ভালো লাগল।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য 🙏🏻❤️

      মুছুন
  3. অসাধারণ লেখা। যেন চোখের সামনে সম্পূর্ণ ছবিটা ফুটে উঠলো। যেন এক রহস্যময় অভিযানের সাক্ষী হয়ে রইলাম। শেষে পাওয়া গেল তার দেখা। বেশ লাগলো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ ❤️
      তুই সবসময় আমার লেখা পড়িস। আমি কৃতজ্ঞ 🙏🏻

      মুছুন
  4. কলমের জাদুতে মুগ্ধ হলাম!
    শব্দের গাঁথুনি আর সাবলীল ছন্দে ...হাঁসুলী বাঁকের খোঁজে আমিও সঙ্গ নিলাম ....|

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ ব্রতী.. তুমিও একদিন এই পথের সন্ধানে যাবে, আমার বিশ্বাস ❤️

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অপেক্ষা

অন্যরকম পুজো

সবুজ মেখলিগঞ্জ ও আন্তর্জাতিক সীমানা